ভারতের উত্তরপ্রদেশে দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুগুলোকে পরিত্যক্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে নতুন একটি উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর অংশ হিসেবে নির্দিষ্ট এলাকায় গরুর মালিকদের কাছ থেকে সরকারি ব্যবস্থাপনায় গোমূত্র সংগ্রহ করা হচ্ছে।
উত্তরপ্রদেশের বুলান্দশহর জেলায় পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) এই কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে সংগ্রহ করা প্রতি লিটার গোমূত্রের জন্য ১০ রুপি করে দেওয়া হচ্ছে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে প্রকল্পটি আরও বড় পরিসরে চালু করার পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে ভবিষ্যতে প্রতি লিটারের দাম ২০ রুপি পর্যন্ত নির্ধারণ করা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য হলো দুধ দেওয়া বন্ধ করা গরুগুলোকে মালিকদের কাছে রাখার জন্য উৎসাহ দেওয়া। অনেক সময় দুধ না দেওয়া গরু পালন করতে খরচ হওয়ায় মালিকরা সেগুলো ছেড়ে দেন। সরকারি উদ্যোগের মাধ্যমে গোমূত্র বিক্রি করে অতিরিক্ত আয় করা গেলে গরুগুলো বাড়িতেই রাখবেন মালিকরা—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ নারীদের বাড়তি আয়ের সুযোগ তৈরির বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
বর্তমানে বুলান্দশহরের ১৫টি গ্রামে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। প্রতিদিন এসব এলাকা থেকে আনুমানিক ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহের সুবিধার জন্য বিভিন্ন স্থানে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংকও বসানো হয়েছে।
সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সংগৃহীত গোমূত্র কৃষিকাজে ব্যবহার করা হবে। তাদের ধারণা, কৃষিতে এর ব্যবহার বাড়ানো গেলে রাসায়নিক কৃষিপণ্যের ওপর নির্ভরতা কিছুটা কমানো সম্ভব হতে পারে।
তবে সরকারের এই উদ্যোগ নিয়ে বিরোধী দল সমাজবাদী পার্টি আপত্তি জানিয়েছে। দলটির অভিযোগ, প্রকল্পটির মাধ্যমে সরকারি অর্থের অপচয় বা অনিয়মের সুযোগ তৈরি হতে পারে এবং সাধারণ মানুষের জন্য এর কার্যকর কোনো সুফল নেই।
সূত্র: এবিপি
