বরগুনার দুই দফা নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেতা মো. মতিউর রহমান তালুকদার আর নেই। ৮৫ বছর বয়সে তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন নিশ্চিত করেছেন।
মতিউর রহমান তালুকদার প্রথমবার ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বরগুনা-৩ (আমতলী–তালতলী) আসন থেকে এমপি নির্বাচিত হন। পরে তিনি ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। ওই আসনে শেখ হাসিনার শূন্য করা আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে দ্বিতীয়বার সংসদ সদস্য হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরগুনা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই রাজনীতিবিদ। শেষ দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মতিউর রহমানের মৃত্যুতে শোক জানিয়ে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব বলেন, জেলার উন্নয়নে তার অবদান গুরুত্বপূর্ণ ছিল। তিনি ছিলেন সবার কাছে অত্যন্ত সম্মানিত নেতা। তার মৃত্যুতে বিএনপি পরিবার গভীর শোক প্রকাশ করছে।
