মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় নিখোঁজের দুই দিন পর স্থানীয় ক্ষিরাই নদী থেকে মসজিদের এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমামের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিম ও নারগিস বেগম দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম গত এক বছর ধরে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত রোববার ভোরে তিনি ফজরের নামাজ পড়ান। তবে যোহরের নামাজের সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকেই স্থানীয়রা ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিন বলেন, ‘আমাদের ইমাম সাহেব রোববার ফজরের নামাজ পড়িয়েছেন। কিন্তু যোহরের নামাজে উপস্থিত না হওয়ায় আমরা খোঁজ শুরু করি। মঙ্গলবার সকালে তার মরদেহ নদীতে ভাসতে দেখি। বিষয়টি খুবই মর্মান্তিক।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কোহিনূর ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
