পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হার, সহজ যে সমীকরণ মেলালেই ফাইনাল খেলবে বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে সালমান আলির দল।

এ জয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠার দৌড়ে টিকে রইল পাকিস্তান। অপরদিকে, শ্রীলঙ্কার আসর থেকে বিদায় হয়ে গেছে।

পাকিস্তানের জয়ে এশিয়া কাপে বাংলাদেশের ফাইনাল খেলার সমীকরণও সহজ হয়ে পড়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে হারালেই ফাইনালে উঠে যাবে টাইগাররা। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে জয় না এলে শেষ ম্যাচ হবে ‘ডু অর ডাই’।

দুবাইতে আজ ভারত জিতলে ৪ পয়েন্ট নিয়ে তাদের ফাইনাল নিশ্চিত। সেক্ষেত্রে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে চোখ থাকবে সবার। ওই ম্যাচে যে জিতবে, তারাই খেলবে ফাইনাল। তবে কোনো কারণে ম্যাচটি যদি পরিত্যক্ত হয়, তবে ফাইনালে দেখা যাবে পাক-ভারত লড়াই।

বর্তমানে নেট রানরেটে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে পাকিস্তানের নেট রানরেট +০.২২৬। সমান পয়েন্ট নিয়ে তিনে থাকা বাংলাদেশের নেট রানরেট +০.১২১।

তবে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণ সহজই বটে। পাকিস্তানের হাতে যেখানে ম্যাচ মাত্র একটি, সেখানে ফাইনালের টিকিট কাটতে দুই ম্যাচ পাচ্ছে লিটন দাসের দল।

আপনার মতামত লিখুনঃ