পাকিস্তানে প্রেমের এক বিয়েকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (০১ অক্টোবর) পাঞ্জাব প্রদেশের পাকপত্তনের আরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় আরাইন এবং পানওয়ার সম্প্রদায়ের সদস্যদের মধ্যে প্রচণ্ড গুলি বিনিময় হয়।
সহিংসতায়, গোলাম মুর্তজা নামে ৫০ বছর বয়সি এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আরও চারজন গুরুতর আহত হন।
এছাড়া সংঘর্ষের সময় মুনির নামে অন্য গ্রুপের একজনকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। একই গ্রুপের আরেক ব্যক্তি গুলিতে আহত হয়েছেন।
খবর পেয়ে জেলা পুলিশ অফিসার (ডিপিও) জাভেদ চাদহার বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং এলাকাটি ঘিরে ফেলেন।
ডিএসপি চৌধুরী ইনামুল হক জড়িতদের খুঁজে বের করে গ্রেফতারের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন। গোলাম মুর্তজার ছেলে মুহাম্মদ আসিফের অভিযোগের ভিত্তিতে কল্যাণা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
