বাজারে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক মিলল যে ৫ টুথপেস্টে

বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন টুথপেস্টের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা ৩৪টি নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। গবেষকদের তথ্য অনুযায়ী, কয়েকটি টুথপেস্টে তুলনামূলকভাবে বেশি পরিমাণে এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা পাওয়া গেছে।

পরিবেশবিষয়ক গবেষণা সংস্থা ইএসডিও (Environment and Social Development Organization) এক বছরব্যাপী এই গবেষণা পরিচালনা করে। নমুনাগুলোর পরীক্ষণ সম্পন্ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে।

গবেষণার ফলাফলে দেখা যায়, মেডিপ্লাস ফ্লুরাইড জেল টুথপেস্টে প্রতি ১০০ গ্রামে সর্বোচ্চ ৩২০টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। এছাড়া ক্লোজআপ রেড হট ও ক্লোজআপ মেন্থল ফ্রেশে প্রতি ১০০ গ্রামে ১৬০টি করে কণা পাওয়া যায়। শিশুদের জন্য তৈরি কোডোমো আল্ট্রা শিল্ড ফর্মুলা-স্ট্রবেরিতে শনাক্ত হয়েছে ১৪০টি এবং সিগন্যাল গ্রিন টি টুথপেস্টে ১২০টি মাইক্রোপ্লাস্টিক কণা।

গবেষণা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মোট পরীক্ষিত নমুনার প্রায় ৭৬.৫ শতাংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মিলেছে। অন্যদিকে, ৮টি টুথপেস্টে এ ধরনের কোনো কণা শনাক্ত হয়নি।

একই গবেষণার অংশ হিসেবে দেশজুড়ে ২,৭৬০ জন ভোক্তার ওপর একটি জরিপ পরিচালিত হয়। এতে দেখা যায়, ৪১.৯ শতাংশ অংশগ্রহণকারী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের বিষয়টি আগে কখনও শোনেননি। ৩১.৩ শতাংশ এ সম্পর্কে কিছুটা জানলেও বিস্তারিত অবগত নন। আর ২৬.৯ শতাংশ উত্তরদাতা নিজেদের এ বিষয়ে সচেতন বলে জানান।

জরিপে ব্যবহারের দিক থেকে মেডিপ্লাস সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে উঠে এসেছে। এটি ব্যবহার করেন ৩৫.৬ শতাংশ উত্তরদাতা। এরপর ক্লোজআপ ও পেপসোডেন্ট ব্যবহারকারীর হার ১৩.৮ শতাংশ, আর কোলগেট ব্যবহার করেন ১১.৩ শতাংশ অংশগ্রহণকারী।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর উপপরিচালক (রসায়ন) মো. মনজুরুল করিম জানান, বর্তমানে টুথপেস্টের জাতীয় মানদণ্ডে ৪০টি অনুমোদিত উপাদান ও কণার আকার নির্ধারিত রয়েছে। তবে মাইক্রোপ্লাস্টিকের বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে মানদণ্ড হালনাগাদের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

ইএসডিওর দাবি, বাংলাদেশে বাজারজাত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে এটিই প্রথম বৈজ্ঞানিক গবেষণা। সংস্থাটির মতে, দেশে এখনো টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অনুমোদিত সীমা, পরীক্ষার নির্দিষ্ট মানদণ্ড কিংবা বাধ্যতামূলক লেবেলিং নীতি প্রণয়ন করা হয়নি।

আপনার মতামত লিখুনঃ