সৌদিতে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার, জানা গেল জাতীয়তা

মধ্যপ্রাচ্যের ধনী দেশ সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে সাড়ে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এই খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২১ হাজার ৬৩৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির একাধিক নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে প্রবাসীদের গ্রেপ্তার করে।

দেশটির কর্মকর্তারা বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১২ হাজার ৯৫৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৫৪০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে চার হাজার ১৪০ জন রয়েছেন।

এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে অনুপ্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৩৯১ জন। পাশাপাশি অবৈধ উপায়ে সৌদি আরব ছাড়ার চেষ্টার সময় আরও ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনি ও ৪৫ শতাংশ ইথিওপিয়ার নাগরিক। বাকিরা অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেয়ায় সৌদিতে বসবাসরত ১৯ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

দেশটিতে বর্তমানে ৩২ হাজার ১৪৯ প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২৬৫ পুরুষ এবং ২ হাজার ৮৮৪ নারী। গ্রেপ্তারকৃত প্রবাসীদের দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ