চামচ-ব্রাশ খাওয়ার নেশায় আক্রান্ত যুবক, অস্ত্রোপচারে উদ্ধার ৪৮টি জিনিস

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হাপুরে একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি যুবক সচিন এমন এক অদ্ভুত নেশায় আক্রান্ত হয়েছেন যে শৌচাগার থেকে চুরি করা স্টিলের চামচ, দাঁত ব্রাশ এবং কলম খেতেন। খবর আনন্দবাজার পত্রিকা

চিকিৎসক ও কেন্দ্র সূত্রের তথ্য অনুযায়ী, সচিন আগে মাদকদ্রব্যের প্রতি আসক্ত ছিলেন। মাদক নিরাময় কেন্দ্রের চিকিৎসায় সে মাদক থেকে মুক্ত হলেও ভিন্ন এক নেশায় বুঁদ হয়ে পড়েন। কেন্দ্রের ক্যান্টিন ও অন্যান্য রোগীদের কাছ থেকে এসব জিনিস চুরি করে শৌচাগারে ঢুকে গিলে ফেলতেন। প্রথমে গিলে খেতে কষ্ট হলেও পরে আসক্তি বৃদ্ধি পায়। 

সম্প্রতি সচিনের পেটে তীব্র যন্ত্রণা দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এক্স-রে এবং সিটি স্ক্যানের পর অস্ত্রোপচারে উদ্ধার করা হয় ২৯টি স্টিলের চামচ, ১৯টি দাঁত ব্রাশ এবং কয়েকটি কলম।

সচিন জানান, নেশামুক্তি কেন্দ্রে দেওয়া খাবারের পরিমাণ খুবই সীমিত থাকায় ক্ষুধা মেটাতে তিনি এই অদ্ভুত জিনিসগুলো খেতে শুরু করেছিলেন, যা পরবর্তীতে আসক্তিতে পরিণত হয়।

আপনার মতামত লিখুনঃ