জামায়তে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, ক্ষমতায় এলে মুসলিম বিশ্বের যাকাত বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, যাকাত অর্থনীতিতে সঠিকভাবে ব্যবহার করলে তিন থেকে চার বছরের মধ্যে দেশের দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের যেসব দেশে প্রচুর যাকাত আদায় হয়, তা বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। এতে হাজার হাজার কোটি টাকা তহবিল হিসেবে গড়ে উঠবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের (কোবা) আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন ড. তাহের। তিনি উদাহরণ দিয়ে বলেন, যাকাত থেকে একজন যুবককে পাঁচ লাখ টাকা দেওয়া হলে সেই অর্থ দিয়ে ১০টি বাদামের ব্যবসার কার্ট চালু করা যায়। প্রতিটি কার্টে ২০,০০০ টাকা পুঁজি দিয়ে প্রতিদিন ৭০০–৮০০ টাকা আয় সম্ভব। এতে প্রতিদিন অন্তত ১০ জনের কর্মসংস্থান হবে এবং মাস শেষে শুধু একজন পরিচালকের আয় দাঁড়াবে ৯০ হাজার টাকা।
তাহের এ সময় প্রবাসীদের অবদানের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, আন্দোলন ও সংগ্রামে প্রবাসীরা যেভাবে ভূমিকা রেখেছেন, তা প্রশংসার চেয়েও বড়। যারা রক্ত দিয়েছেন, কলমে লড়েছেন বা জীবন দিয়েছেন—তাদের নাম ইতিহাসে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে লেখা থাকবে।
সুএ: দৈনিক জনকণ্ঠ
