আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার (৩০ সেপ্টেম্বর) ঘোষিত ১৮ সদস্যের দলে রাখা হয়েছে একাধিক নতুন মুখ। নেতৃত্বে আছেন ব্যাটার শান মাসুদ।
ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনজন অনভিষিক্ত ক্রিকেটার- আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম ও রোহাইল নাজির। তবে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে স্কোয়াড ছোট করা হবে বলে জানিয়েছে নির্বাচক কমিটি।
অভিজ্ঞদের মধ্যে রয়েছেন- বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি, যারা দলে স্থিতি এনে দিয়েছেন। স্পিন বিভাগে রাখা হয়েছে নোমান আলি, সাজিদ খান, আবরার আহমেদ ও কামরান গুলামকে।
ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে এবার ৫০ খেলোয়াড়ের চিঠি
প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ১২ থেকে ১৬ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২০ থেকে ২৪ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। সাদা বলের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করা হবে।
পাকিস্তান স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলি, রোহাইল নাজির (উইকেটকিপার), সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।
