শাশুড়িকে পেটানোর ভিডিও ভাইরাল, মিনতি করেও মাকে থামাতে পারেনি সন্তান

এক নারী তার শাশুড়িকে চুল ধরে টানছেন, থাপ্পড় মারছেন ও গালাগালি করছেন। এ সময় তার ছেলে বারবার অনুরোধ করছে, ‘মা, ওনাকে (দাদিকে) ছেড়ে দাও।’ কিন্তু সন্তানের সেই মিনতি অগ্রাহ্য করে শাশুড়িকে আরও নির্যাতন চালাতে থাকেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে। জানা গেছে, ঘটনাটি ভারতের পাঞ্জাবের গুরদাসপুরের। খবর এনডিটিভির।

জানা গেছে, অভিযুক্ত ওই নারীর নাম হারজিত কৌর। আর ভুক্তভোগী শাশুড়ি গুরবাজন কৌর।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কখনও স্টিলের গ্লাস দিয়ে শাশুড়িকে আঘাত করছেন হারজিত, আবার কখনও ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিচ্ছেন। শেষ পর্যন্ত শাশুড়ি গুরবাজন কৌর যন্ত্রণায় চিৎকার করে উঠেন।

এ ঘটনার পুলিশে অভিযোগ করে গুরবাজন কৌর জানান, তার ছেলের বউ দীর্ঘদিন ধরেই তাকে নির্যাতন করছেন এবং তার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে দিতে চাপ দিচ্ছেন।

নাতি চরৎবীর সিংও জানিয়েছেন, মদ্যপ অবস্থায় মা প্রায়ই দাদিকে মারধর করেন। এমনকি বাবাকেও এবং তাকেও নির্যাতন করেছেন মা।

চরৎবীর পুলিশের কাছে বলেন, ‘আমি ভিডিওটি প্রমাণ হিসেবে রেকর্ড করেছি। আমার মা আগেও আমার নামে অভিযোগ দিয়েছিল এবং প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে।’

তার আরও দাবি, একাধিকবার মায়ের হাতে বাবা-দাদির ওপর নির্যাতনের ভিডিও তিনি রেকর্ড করেছেন। এক ভিডিওতে দেখা যায়, হারজিত কৌর তার স্বামীকে স্যান্ডেল দিয়ে মারছেন। আরেকটিতে দেখা যায়, তিনি ছেলেকে ঘরে আটকে রেখেছেন যাতে সে দাদির কাছে যেতে না পারে।

এই ঘটনায় পুলিশ হারজিত কৌরকে সতর্ক করেছে।

আপনার মতামত লিখুনঃ