ট্রাম্পের নৈশভোজে হামলা করা কে এই যুবক? 

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে। বলরুমের বাইরে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত করছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন, বয়স ৩১ বছর। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা।

ওয়াশিংটন ডিসির অন্তর্বর্তীকালীন পুলিশপ্রধান জানান, হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয় এবং কাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তাও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, তিনি আগে থেকেই ওই হোটেলে অবস্থান করছিলেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, তবে তিনি গুলিবিদ্ধ হননি।

তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার ও পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। আগামী সোমবার (২৭ এপ্রিল) তাকে ফেডারেল আদালতে হাজির করা হবে বলে জানানো হয়েছে।

তদন্তকারীদের মতে, এটি এককভাবে সংঘটিত ঘটনা এবং বর্তমানে জনসাধারণের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই।

ঘটনার সময় ইউএস সিক্রেট সার্ভিস দ্রুত পদক্ষেপ নিয়ে ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে তিনি জানান, তিনি ও তার প্রশাসনের সদস্যরা সবাই নিরাপদে আছেন।

আপনার মতামত লিখুনঃ