লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ভারতের অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের কথিত টেলিফোন আলাপ নিয়ে সামাজিক মাধ্যমে যে আলোচনা চলছে, তা রাষ্ট্রপতি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিক হেলাল উদ্দিন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, সম্প্রতি তিনি একটি পোস্টে কথিত ফোনালাপের বিষয়টি উল্লেখ করেছিলেন। তার দাবি, সেই পোস্টের পর রাষ্ট্রপতি নিজেই তাকে ফোন করে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।
হেলাল উদ্দিনের ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতি বলেন, শেখ হাসিনার সঙ্গে তার কোনো ধরনের টেলিফোনে কথা হয়নি এবং এ সংক্রান্ত প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। তিনি আরও মন্তব্য করেন, এমন কোনো যোগাযোগের প্রয়োজন হলে তা বাংলাদেশ থেকেই করা সম্ভব, এ জন্য বিদেশে থাকার কোনো প্রশ্নই আসে না।
সাংবাদিক আরও জানান, রাষ্ট্রপতি দাবি করেছেন যে এ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশের কথাও তার জানা নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
হেলাল উদ্দিনের পোস্ট অনুযায়ী, রাষ্ট্রপতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি কেউ এ অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেন, তাহলে জনগণের যে কোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন।
পোস্টে আরও উল্লেখ করা হয়, কথোপকথনের এক পর্যায়ে রাষ্ট্রপতি নিজের শারীরিক অসুস্থতার কথাও তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে স্বাভাবিকভাবে চলাফেরা করাও তার জন্য কঠিন হয়ে পড়েছে এবং দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতির এই বক্তব্যগুলো সাংবাদিক হেলাল উদ্দিনের ফেসবুক পোস্টে প্রকাশিত দাবি ও বর্ণনার ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।
