ভারতের কেন্দ্রীয় সরকারের রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিজেপি নেতা রাভনীত সিং বিট্টু। সম্প্রতি তার রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্বের মেয়াদও শেষ হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী বছর অনুষ্ঠিতব্য পাঞ্জাব বিধানসভা নির্বাচনে সরাসরি অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আম আদমি পার্টি (আপ) পরিচালিত পাঞ্জাবে বিজেপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিট্টু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়াকে তিনি বড় সম্মান হিসেবে দেখেন।
তিনি আরও উল্লেখ করেন, বিশেষ করে পাঞ্জাবের মানুষের জন্য কাজ করতে পারা তার জন্য গর্বের বিষয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে বিজেপিতে যোগ দেন। ওই বছর লোকসভা নির্বাচনে অংশ নিলেও জয় পাননি। পরে রাজস্থান থেকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হয়ে অবশিষ্ট মেয়াদের জন্য দায়িত্ব পালন করেন।
